
* শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ।
* পুলিশ সদর দপ্তরের নির্দেশে আটক।
* জিজ্ঞাসাবাদ এবং যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে পুলিশ। এরপর নানা নাটকীয়তা শেষে সোমবার রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্য নেতাদের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।ঘটনার পর থেকেই পুলিশ রেজাউল কাইয়ুমকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সেটা জানাতে গড়িমসি করে। তবে ওই বিএনপি নেতাকে ছাড়ার পর পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা না পাওয়ায় রেজাউলকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করেন কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে তাঁকে কুমিল্লা কোতয়ালি থানায় নেওয়া হয়।রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিএনপি নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে অবস্থান নেন। দুপুর থেকে রেজাউল কাইয়ুমকে ছাড়ার পর পর্যন্ত থানার প্রধান ফটকের সামনে কয়েক শ নেতা-কর্মী ছিলেন। রেজাউলের মুক্তির দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছেন।
রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে ছাড়া পেয়ে রেজাউল কাইয়ুম দাবি করেন, তাঁর বিরুদ্ধে একটি মহল বড় ধরনের ষড়যন্ত্র করেছে। সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল; অবশেষে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিত্তিহীন অভিযোগে আমাকে আটক করা হয়েছিল। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়, তার বিন্দুমাত্র সত্যতা নেই। আমি আমাদের নেতা–কর্মীরসহ সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। দিনভর আমার জন্য যাঁরা কষ্ট করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এ প্রসঙ্গে বিস্তারিত কথা বলতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের মুঠোফোনে রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ে কল করা হলেও তিনি ধরেননি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক দৈনিক আজকের বাংলাকে বলেন, ‘আমরা বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম।’