
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলায় রূপান্তর করে আসামিদের রক্ষার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে নিহতের পরিবার। রোববার দুপুর ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের বৃদ্ধা মা হালিমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছোট ছেলে আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল গজারিয়া গ্রামে প্রবাসী মাসুদ রানাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক বাচ্চু ও তার সহযোগীরা। মামলাটির তদন্ত শেষে পুলিশ চার্জশিট প্রদান করে এবং বর্তমানে আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, মামলার ১নং আসামি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক বাচ্চু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে ‘তদবির বাণিজ্যে’র মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডকে রাজনৈতিক মামলা হিসেবে তালিকাভুক্ত করিয়েছেন। গত ২৩ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে মামলাটি প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে (স্মারক নং-৩৬৬)।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, “আমার ভাই কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন না; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন খুনিরা খোলস পাল্টিয়ে ন্যায়বিচার বাধাগ্রস্ত করছে এবং আমাদের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।”
সন্তানহারা মা হালিমা বেগম এই জঘন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি দাবি জানান, যেন মামলাটি রাজনৈতিক তালিকা থেকে বাদ দিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।