
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
মাদক ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দৈনিক খোলাকন্ঠ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথাা বলেন। সাক্ষাৎকারে মো এনামুল হক বলেন, বর্তমানে মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য এক বড় অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের একটি অংশ এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় পরিবার ও সমাজে অস্থিরতা বাড়ছে। শিক্ষাজীবন থেকে বিচ্যুতি, অপরাধপ্রবণতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়—সবকিছুর পেছনেই এই সমস্যাগুলোর গভীর প্রভাব রয়েছে।
তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবন শুধু ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। অন্যদিকে কিশোর গ্যাংয়ের কারণে এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও নানা ধরনের সহিংস ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সন্তানদের এসব ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংসহ সমাজের সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম ঘোষিত জিরো টলারেন্স নীতি অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এই নীতি বাস্তবায়নে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে মো এনামুল হক বলেন, অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। সবশেষে তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।