
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছকাটাছড়ি গ্রামের প্রতিবন্ধী শিশু মোঃ রাহিদুল ইসলাম ও তার বৃদ্ধ নানা-নানির মানবেতর জীবন নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর তা মুহূর্তেই ব্যাপক সাড়া ফেলে। প্রতিবেদনটি নজরে আসে ফ্রান্স প্রবাসী রাঙামাটির কৃতি সন্তান ইমতিয়াজ রাকিবের।
অসহায় পরিবারটির করুণ অবস্থার কথা জানতে পেরে তিনি তার প্রতিষ্ঠান ‘Imtiyaj Rakib European Link Solution’-এর পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। উপহার হিসেবে তিনি ওই পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। সেই সাথে আগামীতেও প্রতি মাসে ওই পরিবারটিকে সাধ্যমতো সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। সুদূর প্রবাসে থেকেও নিজ এলাকার বিপন্ন মানুষের প্রতি তার এই তাৎক্ষণিক ভালোবাসা ও দায়িত্ববোধ স্থানীয় মহলে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখ্য যে, রাঙামাটির সন্তান ইমতিয়াজ রাকিব দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও তার প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সেবা করে আসছেন। তার এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমাজের অন্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও যার যার অবস্থান থেকে এমন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানানো হয়েছে।