
মোঃ সোহরাব হোসেন মুন্সি নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা চক্রাখালী স্কুল মাঠে গতকাল বুধবার সকাল ১১টায় বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল আনাম, শাহীনুর রহমান ও রবিশঙ্কর। এছাড়াও থানার অন্যান্য পুলিশ সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এই ‘ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে ওসি বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।