
আলতাব হোসেন স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়া এলাকায় মোটরসাইকেলযোগে এসে পৃথক স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকার ভার্চুয়াল পোশাক কারখানার ২ নম্বর গেট ও ইস্টার্ন হাউজিং পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন ইসমাইল (৩৬) ও শিপন (৩২)। তারা স্থানীয় সবুজ সরকারের নেট ব্যবসার কর্মচারী বলে জানা গেছে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় এক ভাই ভার্চুয়াল পোশাক কারখানার গলিতে এবং অপর ভাই পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে অবস্থান করছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা প্রথমে ইসমাইলকে গুলি করে। পরে একই দল ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শিপনকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এবং আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।