
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আকস্মিক বজ্রপাতে এক দিনমজুরের বসতবাড়ি ও গৃহপালিত গবাদিপশু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে বজ্রপাতের বিকট শব্দ ও তীব্র আলোয় গুরুতর আহত হয়ে চোখ ও কানের কার্যক্ষমতা হারিয়েছেন ওই দিনমজুরের সহধর্মিণী। বর্তমানে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ক্ষতিপূরণ ও চিকিৎসার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনের কাছে জরুরি সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৯নং সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগুম্বির গ্রামে আকস্মিক এই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ওই গ্রামের রায়জউদ্দিনের ছেলে মোঃ শুকুর মাহমুদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গোয়ালঘরে থাকা একটি বাছুরসহ গৃহপালিত গবাদিপশু গুরুতর জখম হয়।ঘটনার সময় ঘরে থাকা শুকুর মাহমুদের সহধর্মিণী মোসাঃ জমিলা খাতুন বজ্রপাতের তীব্র আলো ও বিকট শব্দে গুরুতর আহত হন। বর্তমানে তার চোখ এবং কানে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তিনি চোখে দেখতে এবং কানে শুনতে পাচ্ছেন না বলে জানা গেছে। আকস্মিক এই দুর্যোগে একদিকে বসতবাড়ির ক্ষতি, অন্যদিকে স্ত্রীর এমন শারীরিক অবস্থায় একমাত্র কন্যাসন্তানকে নিয়ে চরম অসহায় দিন কাটাচ্ছেন দিনমজুর শুকুর মাহমুদ।ভুক্তভোগী শুকুর মাহমুদ জানান, “বজ্রপাতে আমার ঘরবাড়ি ও শেষ সম্বল বাছুরটা শেষ হয়ে গেছে। আমার স্ত্রী এখন চোখে দেখছে না, কানেও শুনছে না। তাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার নেই। আমি এখন সম্পূর্ণ দিশেহারা।”উপায়ান্তর না পেয়ে পরিবারটিকে পুনরায় টেনে তুলতে এবং স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনের নিকট দ্রুত মানবিক ও আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীও অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।