
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী প্রতিনিধি
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।
জানা যায়, সরকার ১৫ এপ্রিল ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে গত বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে বাসের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
পরে জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।