
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভায় আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ৯টি ওয়ার্ডের পাড়া -মহল্লা ও চায়ের দোকান গুলোতে এবং বিভিন্ন বয়সী মানুষের আড্ডার আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে, আসন্ন পৌর নির্বাচন।স্থানীয়রা বলছেন আসন্ন পৌর নির্বাচন এখন থেকেই জমে উঠেছে, কারণ আত্মপ্রকাশ করা প্রত্যেকটি প্রার্থী যেনো কেউ কারো তুলনায় কোন অংশেই কম নয়।আর তাইতো জনগণের মন জয় করে যেকোন একজন কে বিজয়ী হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করছেন স্থানীয় ভোটাররা।স্থানীয়রা আরো বলছেন ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে অনেক আগে থেকেই প্রার্থীরা মানুষের সাথে গণসংযোগ, মত বিনিময়,ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি সহ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিজের কার্যদক্ষতা প্রকাশ ও করছেন।
আসন্ন পৌর নির্বাচনের একজন হেভিওয়েট প্রার্থী, ৩নং বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের টানা ১৩ বছরের চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ স্বর্ণপদক বিজয়ী জাবেদ কাউসার সবুজ। পৌর এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লার মোড়ে এবং প্রধান সড়কের রাস্তার মোড়ে মোড়ে লক্ষ্য করা যাচ্ছে জাবেদ কাউসার সবুজের ব্যানার,প্রত্যেকটি ব্যানার স্থানীয় বাসিন্দাদের সৌজন্যে স্থাপন করা হয়েছে।আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে আওয়ামী লীগের একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সবুজ চেয়ারম্যান।বিগত নির্বাচন গুলোতে তিনি ক্ষমতাশালী দল আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে টানা ১৩ বছর দায়িত্ব পালন করেন এবং উপজেলা যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করার কারনে তৃণমূল নেতাকর্মীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন পৌর এলাকার বাসিন্দারা।স্থানীয় ভোটার ও
তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট ও বিভিন্ন ব্যানার পোস্টার এর মাধ্যমে প্রকাশ করছেন তাকে বুড়িচং পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান।স্থানীয় বাসিন্দা
ও তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ ও সমর্থকরা জানিয়েছেন সবুজ চেয়ারম্যান একজন ক্লিন ইমেজের মানুষ, বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, টানা ১৩বছর সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন,এবং স্থানীয় এমপি জসিম উদ্দিনের সুনজরে রয়েছেন,তাই তার মত একজন পরিষ্কার মনের মানুষ কে তারা বুড়িচং পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান। তাইতো আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে তিনি একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন।
অপরদিকে আরেকজন প্রার্থী হলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী কবির হোসেন। বর্তমানে বুড়িচং পৌর নির্বাচনকে কেন্দ্র করে তাকে নিয়েও আলোচনা চলছে । যদিও বা এখন পর্যন্ত নিজে থেকে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। স্থানীয় সংসদ সদস্যের এবং উপজেলা নেতৃবৃন্দের সাথে তার সুসম্পর্ক রয়েছে। স্থানীয় সাধারণ ভোটারদের কাছে হাজী কবির হোসেন হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া ও আরো একজন প্রার্থী হলেন বুড়িচং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, কামাল হোসেন (রোমা কামাল)। ইতোমধ্যে প্রত্যেকটি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে যাচ্ছেন এই প্রার্থী, চালিয়ে যাচ্ছেন গনসংযোগ এবং মতবিনিময়। আসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ও প্রার্থী হিসেবে আলোচনার আরেকটি নাম।স্থানীয় সাধারণ ভোটারদের কাছে হেভি ওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তিনিও।
অপরদিকে জামায়াত ইসলামীর পক্ষ হতে পৌর নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোন একক প্রার্থী নাম ঘোষণা করা হয়নি।তবে স্থানীয় জামায়াতের রাজনীতির সাথে যুক্ত একাধিক নেতৃবৃন্দ ও কর্মীরা আসন্ন পৌর নির্বাচনে প্রার্থী হতে নিজ নিজ অবস্থান থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বপ্নের বুড়িচং’ নামক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন। তবে কোনো প্রধান রাজনৈতিক দলের মনোনয়নে তিনি মেয়র পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা স্থানীয় সংবাদ প্রকাশিত হয়নি।স্থানীয় সাধারণ ভোটার এবং সচেতন মহলের একাংশ বলছেন নির্বাচিত হয়ে নেতৃত্বে যেই আসুক না কেন,আমরা চাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান এবং সমাজের গরীব দুস্থ অসহায় মানুষদেরকে সঠিকভাবে সরকারি সেবা প্রদান করবেন,যার দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা থাকবে এমন একজন সেবক।