
মোঃ মামুন মিয়া নকলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা প্রতিনিধি : গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে নকলায় বিনামূল্যে উন্নত জাতের টাইগার মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) নকলার জালালপুরস্থ ব্র্যাক অফিসে আয়োজিত এ কর্মসূচিতে ব্র্যাকের ২২ জন সদস্যকে ২০টি করে উন্নত জাতের টাইগার মুরগির বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে মুরগির বাচ্চা সঠিকভাবে লালন-পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে এই উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে মুরগি পালনের বিভিন্ন কৌশল, রোগব্যাধি প্রতিরোধে করণীয়, পুষ্টিকর খাবার প্রদান এবং খামার ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া নিয়মিত পরিচর্যার মাধ্যমে কীভাবে স্বল্প খরচে লাভজনকভাবে মুরগি পালন করা যায় সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম, নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, ডিএসএস (কৃষি ও বীমা) রাশেদুজ্জামান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার হেলেনা ফেরদৌস এবং সিনিয়র শাখা ব্যবস্থাপক জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।