
আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এলাকায় ২৪-এর জুলাই আন্দোলন-সংক্রান্ত ভিডিও সংরক্ষণ এবং পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর পরিকল্পিত সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত যুবক মো. হোসাইন ভূঁইয়া (২৬) এ ঘটনায় একাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর অনার্স ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় ফরাজীর মদদে দেলোয়ার, মাহিন, মারুফ, নাহিদসহ ৭-৮ জন সহযোগী তাকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। একপর্যায়ে তাকে মাদকসেবী আখ্যা দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়। তিনি অভিযোগ করেন, ইয়াবা সেবনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
হোসাইন ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক মতপার্থক্য এবং ২৪-এর জুলাই আন্দোলন-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তার কাছে সংরক্ষিত থাকায় দীর্ঘদিন ধরে একটি মহল তার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছিল। সেই ধারাবাহিকতায় তাকে সামাজিকভাবে ধ্বংস ও ফৌজদারি মামলায় জড়ানোর উদ্দেশ্যে এ হামলা পরিচালিত হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
ঘটনার সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান, যেখানে তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে সংঘটিত এ ধরনের হামলার ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।