
মোঃ মামুন মিয়া, (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, দাতা, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন সাঈদী, ইসরাক মাহ্দী, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক (মোজা), সাবেক চেয়ারম্যান (৬নং পাঠাকাটা ইউনিয়ন) আব্দুল হক চান মিয়া, সাবেক চেয়ারম্যান (৪নং কুর্শাবাদাগৈর ইউনিয়ন) জাহিদ মাস্টার, আলহাজ ফখরুল আলম, প্রধান শিক্ষক ও নকলা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়কসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ পরীক্ষার মাধ্যমে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি তৈরি হবে। তাই তারা যেন আত্মবিশ্বাস, সততা ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে—সেই আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ ধারণের পরামর্শ দেন। একই সঙ্গে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুন্দর ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।