
মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নেপাল চন্দ্র সাহা (৬৩) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালের সাহায্যে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দিরসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেপাল চন্দ্র সাহা উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি জাহাপুর বাজারের সুপরিচিত ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও নেপাল চন্দ্র সাহা গোসলের উদ্দেশ্যে পুকুরে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে কাটতে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না মেলায় স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। পরে জেলেরা পুকুরে জাল ফেলে অনুসন্ধান চালিয়ে প্রায় এক ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, বাবা গোসল করতে গিয়ে হয়তো স্ট্রোক করেছিলেন। সে কারণেই তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি। আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই দেখছি।
এদিকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এর আগেও একই পুকুরে পানিতে ডুবে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাই এখানে গোসল করতে আসা সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এনেছে। স্থানীয় ব্যবসায়ী ও পরিচিতজনেরা নেপাল চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।