
আলতাব হোসেন স্টাফ রিপোর্টার
আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল এলাকার আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক এজাহারভুক্ত আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে মামলার চার অভিযুক্তই এখন আইনের আওতায় এসেছে।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. আজগর আলী জানান, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালের দিকে আশুলিয়ার জামগড়া ভূইয়া বাড়ি মসজিদ এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তিন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে সিফাতের ভাড়া বাসায় নিয়ে যায় মমিন। সেখানে সিফাত, মমিন ও সুমন মিলে তাকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে জামগড়া এলাকা থেকে সিফাত (১৮), মমিন শেখ (১৮) ও সুমন শেখ (১৮)-কে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় জাকির হোসেন ভুক্তভোগীকে সহায়তা না করে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং অপর দুই অভিযুক্তের মোবাইল ফোন নিজের হেফাজতে নেন। পরে অন্য অভিযুক্তদের সরিয়ে দিয়ে তিনিও ভুক্তভোগীকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর মোবাইল ফোন এবং অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্তের স্বার্থে এসব আলামত উদ্ধারে কাজ চলছে।
পুলিশের দাবি, সর্বশেষ জাকির হোসেন গ্রেপ্তার হওয়ায় এ মামলার চারজন এজাহারভুক্ত আসামিই এখন আইনের আওতায়। পরবর্তী মামলার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।