
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
৩০ জুন: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ দামোদরদী এলাকায় ১৩১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুনের অনুমতিক্রমে এ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে সচেতন করা, মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং মাদক প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নবগঠিত কমিটি এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।