
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর মোহনপুরে এক পুলিশ সদস্যকে মিথ্যা অভিযোগে ফাঁসানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। একই সঙ্গে তিনি তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় মোহনপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা নাসরিন বেগম, তিনি স্বপন খাঁর স্ত্রী।
লিখিত বক্তব্যে নাসরিন বেগম বলেন, প্রতিবেশী মৌসুমী বেগমের মেয়ে মীম খাতুনের পারিবারিক বিরোধসংক্রান্ত একটি অভিযোগ তদন্তের দায়িত্ব পান মোহনপুর থানার এএসআই বেলাল হোসেন। অভিযোগের তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন।
তার দাবি, তদন্ত চলাকালে এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এএসআই বেলাল হোসেনের বিরুদ্ধে তার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে—এমন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলেন। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, লাঞ্ছিত করার চেষ্টা এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।
নাসরিন বেগম বলেন, ঘটনার সময় তিনি নিজ বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। এরপরও পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও যথাযথ যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার, তার পরিবারের এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এএসআই বেলাল হোসেনকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চাপ প্রয়োগ করছে। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ধারাবাহিক হুমকি ও আতঙ্কের কারণে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
নাসরিন বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো ভুক্তভোগী নারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।