
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেনঃ
ঢাকার আশুলিয়ার পাবনারটেক এলাকায় বিস্ফোরণের ঘটনায় রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে রুপায়ন মাঠের উত্তর পাশে ইমরানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত রনি (২০) মো. রিপনের ছেলে। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া পরিবারের সদস্য। তার বাবা রিপন স্থানীয় ইমরানের গরুর খামারে কর্মরত বলে জানা গেছে। রনির গ্রামের বাড়ি নেত্রকোনা বলে জানা যায়।
ঘটনাস্থলে শব্দ শুনে প্রথমে উপস্থিত কামরুল ইসলাম এর ভাষ্যমতে, ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রনিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিস্ফোরণে তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে রক্তের দাগ, চামড়ার অংশ এবং ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা আহত রনিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠান।
খবর পেয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাশিদুল ইসলাম, এসআই তালেবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং ঘটনার তদন্ত শুরু করেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।