
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার ধামসোনা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার করা হয় সাব্বির সরকার (২৪), পিতা: খোরশেদ সরকার, সাং: বগাবাড়ি, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা এবং রাসেল (২৫), পিতা: মৃত চাঁন মিয়া, সাং: সরলপাড়া, থানা: তারাকান্দা, জেলা: ময়মনসিংহ। বর্তমানে তিনি আশুলিয়ার বাইপাইল ভূঁইয়াপাড়ায় (বাদল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত সাব্বির সরকারের বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা এবং রাসেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।