
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুর চৌধুরীপাড়া এলাকায় প্রকাশ স্বরূপ রায় ওরফে অপুর বাড়িঘর জোরপূর্বক দখলের চেষ্টা ও হত্যার হুমকি দিয়েছে অজিত কুমার মালাকার, উজ্জ্বল মিয়া ও সবুজ সহ অজ্ঞাত বেশ কিছু মাদকাসক্ত যুবক। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরজাহান বেগম ১৯৭৩ সালে গৌরপদ সাহার নিকট থেকে জমি ক্রয় করেন। পরবর্তীতে অপু রায়ের মা মমতা রানি রায় জমির মালিক নূরজাহান বেগমের কাছ থেকে গত ১৮-২-১৯৭৭ সালে ১৮৮০ নং রেজিষ্ট্রীকৃত কবলা দলিলমুলে ৮.২৫ শতাংশ জমি এবং ০১/০৬/১৯৭৭ তারিখে গৌড়পদ সাহার নিকট থেকে ০৫ শতাংশ জমি যাহার দলিল নাম্বার ৪৮৯৬, এস,এ দাগ নাম্বার ১০ থেকে মোট দুই তরফে ১৩.২৫ শতাংশ জমি ক্রয় করে। অপুর মা বাড়ি নির্মাণের জন্য চারিপাশে প্রাচীর তৈরি করেন। এদিকে অজিত মালাকার ১৯৮৮ সালে ১৮৯ নাম্বার দলিল মূলে গৌরপদ সাহার কাছ থেকে ক্রয় করে। দলিলে উল্লেখিত ১০নং দাগের ৮০ শতাংশ জমির মধ্যে উক্ত দাগের পশ্চিমে পৌরসভার রাস্তা সংলগ্ন পূর্ব তরফ হতে ০৭ শতাংশ জমি ক্রয় করে। ১০ নাম্বার এস এ দাগ টি উত্তর দক্ষিন বরাবর প্রায় ২৫০ ফিট লম্বা। সেই জমির রূপ দাঁড়ায় এমন যে প্রায় ২৫০ ফিট লম্বা উত্তর দক্ষিন বরাবর। এতে দাঁড়ায় দাগের প্রতিটি জমির মালিকের সামনে দিয়ে অজিত মালাকারের জমি অবস্থিত। উল্লেখ্য তার জমিটি ক্রয় করার কয়েক বছর পর পৌরসভার প্রসস্থ রাস্তা ও ড্রেন সম্প্রসারণ করা হয়, ফলে সেই লম্বা জমিটি পৌরসভার অধিগ্রহণের মধ্যে চলে যায়। কিন্তু বি,এস জরিপে অজিত মালাকারের নামে পয়েন্ট ১৯ (প্রায় ০২ শতাংশ জায়গা) রেকর্ড হয়। যাহা পরবর্তীতে অজিত মালাকার উক্ত জমি দিলিপ ও হরেন মোহরীর নিকট বিক্রি করে দেয়। এই জমিকে কেন্দ্র করে এই দাগের অন্তর্ভূক্ত সকল জমির মালিকদের সাথে অজিত মালাকারের ২০১৪ সাল থেকে বাটোয়ারা মামলা চলতে থাকে। উক্ত মামলাটি ইং ২২/০১/২০২৬ তারিখে রায় হয়। রায়ে অজিত মালাকারের জমির সঠিক চৌহদ্দি না থাকায় এবং দলিলে উল্লেখিত জমি সরজমিনে না পাওয়ায় এবং সর্বশেষ দলিল হওয়ার কারণে বিজ্ঞ আদালত অজিত মালাকারকে এই মামলার রায়ে কোনো প্রকার জমি প্রদান করেন নাই। ইতিমধ্যে সবার অজ্ঞাতে অজিত মালাকার সুকৌশলে তথ্য গোপন করে ল্যান্ড সার্ভে মামলায় একতরফা রায় হাসিল করে। একতরফা রায়ের বিরুদ্ধে বর্তমানে মাননীয় হাইকোর্টে মামলা চলমান। দেওয়ানী মামলায় হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে গত ২৭-৬-২০২৬ তারিখ আনুমানিক ১২ টার সময় অজিত মালাকার, উজ্জল মিয়া ও সবুজ সহ ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে অপুর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির ঘর ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। তৎক্ষণাৎ বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে আসামিগণ প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় প্রকাশ রায় অপু থানায় গিয়ে একটি জিডি দায়ের করেন, তাহার নাম্বার ২৩৫১, তারিখ ২৮/৬/২৬। সেই সাথে পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অপুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বর্তমানে এই উজ্জল মিয়া সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে অপুর বিরুদ্ধে। বর্তমানে অপু রায় এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের নিকট সুবিচার দাবি করেছেন।