
স্টাফ রিপোর্টার | আলতাব হোসেন
ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ ৯ জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় একটি নোহা মাইক্রোবাস, ডিবি পরিচয়ে ব্যবহৃত জ্যাকেট, হ্যান্ডকাফ, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, ধারালো অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মুত্তালিব ও সঙ্গীয় ফোর্স গত ১৪ জুলাই রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়া থানার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শামীম রেজা (৩০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রাশেদ (৩৮), পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), মো. কামাল হোসেন (৪৫), মো. সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), মো. কামরুল হোসেন (৫৪), মো. মনিরুল ইসলাম (৪০) এবং মো. রাসেল (৩৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি নীল রঙের স্কয়ার নোহা মাইক্রোবাস, তিনটি ‘ডিবি’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক মেশিন, তিনটি স্টিলের ধারালো সুইচ গিয়ার (ছুরি) এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র্যাব সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শামীম রেজার বিরুদ্ধে ২টি, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ৫টি, রাশেদের বিরুদ্ধে ৭টি (এর মধ্যে ৪টি ডাকাতি), পলাশ শেখের বিরুদ্ধে ৬টি (এর মধ্যে ৫টি ডাকাতি), কামাল হোসেনের বিরুদ্ধে ২টি, সোহাগ ওরফে আব্দুল্লাহর বিরুদ্ধে ৪টি এবং কামরুল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।