
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় যাত্রীছাউনির দেয়ালে সাঁটানো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছবিতে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য লিখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। সোমবার সকালে স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল খান বিষয়টি প্রথম দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয়দের একটি অংশের ধারণা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, “সাবেক ছাত্রদল নেতা সোহেলের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখি বিভিন্ন ছবির ওপর অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য লেখা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ কাজ করেছে তারা স্বৈরাচারের দোসর। দ্রুত তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম বলেন, “যেসব জাতীয় নেতার ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, দেশের জন্য তাদের প্রত্যেকের অবদান রয়েছে। এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
সাবেক চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিএনপি নেতা মনিরুল ইসলাম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য লেখা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সাংগঠনিকভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ফিরোজ বলেন, “দোষীদের সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে এবং আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।”
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”