
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কজুড়ে বন্যপ্রাণী হাতি দিয়ে প্রকাশ্য চাঁদাবাজির বলি হয়েছে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সী এক অবুজ শিশু। হাতির ধাক্কায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির মা-সহ আরও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরিশা ভাঙ্গা উপজেলার গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
সড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে অসুস্থ আরিশাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তার মা অটোরিকশাযোগে সদরপুর হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি আটরশি এলাকায় পৌঁছালে, বকুল নামের এক ব্যক্তি বিশালাকার হাতি নিয়ে সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছিলেন। একপর্যায়ে হাতির আকস্মিক ধাক্কায় অটোরিকশাটি মহাসড়কেই উল্টে যায়। এতে আরিশা ও তার মা গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয় জনতা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আরিশার মৃত্যু হয়।
জনতার ক্ষোভ ও মালিক আটক:
এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা ধাওয়া করে হাতির মালিক বকুল মিয়া (২৪)কে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বকুলকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রশাসনের বক্তব্য:
সড়ক-মহাসড়কে এভাবে হাতি দিয়ে বেআইনি ও ঝুঁকিপূর্ণ চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। জনবহুল সাধারণ সড়কে বন্যপ্রাণী দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করার এই অপসংস্কৃতি এবং প্রশাসনের উদাসীনতাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন তারা। অনতিবিলম্বে দেশের সব সড়ক থেকে এই চাঁদাবাজ চক্র উচ্ছেদ এবং বন্যপ্রাণী আইনের যথাযথ প্রয়োগের জোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে হাতির মালিককে আটক করেছি। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”