
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযুদিয়া গ্রামের কোহেল মাতুব্বরের ডাঙ্গী এলাকার একটি গ্রামীণ সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণের মাত্র এক মাসের মধ্যেই সড়কের একাংশ ধসে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইট দিয়ে নির্মিত সড়কের পাশের অংশ ভেঙে ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সড়কটি কাঁচা থাকায় চলাচলে কষ্ট হলেও কোনোভাবে যাতায়াত করা যেত। কিন্তু নতুন করে নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই সড়কটি ধসে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বর্তমানে ভ্যানসহ ছোট যানবাহনও চলাচল করতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজ ও অনিয়মের কারণেই সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।