
রাইসুল ইসলাম রিফাত (নকলা প্রতিনিধি):
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে গৃহীত সরকারি কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের ও পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়। এ সময় রোগীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন উপস্থিত অতিথিরা।
প্রীতিভোজ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম, নকলা পৌর বিএনপির আহ্বায়ক মো. কামরুল আলম খান লিটন (বিএসসি) এবং নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের প্রভাষক আসমাউল হুসনা চারমি। এছাড়া দায়িত্বরত নার্স, আনসার সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিকতা ও সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বিশেষ এ আয়োজনে হাসপাতালের ভর্তি রোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেক রোগী বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি এমন আন্তরিক আয়োজন তাদের মানসিকভাবে উৎসাহিত করেছে এবং হাসপাতালে অবস্থানকালকে আরও স্বস্তিদায়ক করে তুলেছে।