
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
মাতৃদুগ্ধের গুরুত্ব ও শিশুর সুস্থ বেড়ে ওঠায় মায়ের দুধের ভূমিকা তুলে ধরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে রাজশাহীর ছয় শিক্ষার্থী।
রোববার (৯ আগস্ট) বিকেলে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। তিনি বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের দুধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, মাতৃদুগ্ধপানের উপকারিতা সম্পর্কে শুধু মায়েদের নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও সচেতন করতে হবে। মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিতভাবে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল—‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান: টেকসই উদ্যোগ করি বেগবান’। ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলায় র্যালি, আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সেলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টিবিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ে মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং মাতৃদুগ্ধের বিকল্প পণ্যসমূহের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নোশিন শারমিলি। এছাড়া দুই গ্রুপে আরও চার শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।