
মোঃ মামুন মিয়া (শেরপুর) সংবাদদাতা:
শেরপুরের নকলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মেয়র মোখলেছুর রহমান তারা, অ্যাডভোকেট এ কে এম আকরাম হোসেন ও সাবেক প্রভাষক এস এম আনিসুজ্জামান ফারুকের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. মনসুর আলী।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি তালিকায় ওই তিনজনসহ ৬০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকার, আলবদর বা কোনো সহযোগী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন তথ্য তার জানা নেই বলে দাবি করেন তিনি।
মনসুর আলী বলেন, তিনজনই বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করে কারাগারে রয়েছেন। বয়সের ভারে তারা নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মানবিক ও ন্যায়বিচারের স্বার্থে তাদের মুক্তির দাবি জানান তিনি।
এ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা নিরপরাধ মানুষকে মামলায় ফাঁসিয়েছেন, তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান মনসুর আলী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণেরও দাবি করেন তিনি।