
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা কে এম আবু সাইদ। আজ বিকেলে সদরপুরস্থ তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের সামনে তাঁর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কে এম আবু সাইদ বলেন, “জনসেবা আমার দীর্ঘদিনের ব্রত। ৭নং সদরপুর ইউনিয়নের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ নানাভাবে অবহেলিত ও অধিকারবঞ্চিত হচ্ছে। আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে একটি মডেল ইউনিয়ন উপহার দেব।”
ইউনিয়নবাসীকে দেওয়া তাঁর প্রধান প্রতিশ্রুতিগুলো তুলে ধরে তিনি বলেন:
ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সকল সেবা প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ফি নেওয়া বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ দালাদের প্রভাবমুক্ত সেবা নিশ্চিত করা হবে।
দলমত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব স্থান পাবে না।
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এলাকায় কঠোর হাতে মাদক ব্যবসা, জুয়া এবং সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করা হবে। তরুণদের জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধি করা হবে।
ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাতে চলাচলের জন্য পর্যাপ্ত সোলার বাতি বা সড়কবাতির ব্যবস্থা করা হবে।
এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা প্রদান এবং কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা আরও গতিশীল ও মানসম্মত করার জন্য নিয়মিত তদারকি করা হবে।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ভিজিডি ও ভিজিএফ চাল বিতরণে সম্পূর্ণ মেধা ও সুনির্দিষ্ট প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রকৃত হকদারদের তালিকা তৈরি করা হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা উৎকোচ লেনদেন কঠোরভাবে প্রতিহত করা হবে।
জনগণের দ্বারে সেবা পৌঁছে দিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ইউনিয়ন পরিষদকে একটি গতিশীল সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি অত্যন্ত খোলামেলাভাবে সেগুলোর উত্তর দেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
তিনি পরিশেষে ৭নং সদরপুর ইউনিয়নের সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করে বলেন, “আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আসুন, সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত সদরপুর ইউনিয়ন গড়ে তুলি।”