
কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতামাতার চেয়ে শিক্ষকদের অবদান কম নয়। যে জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত। আর শিক্ষকরা জাতির প্রধান চালিকাশক্তি। এক কথায় বলা যায়, শিক্ষক মানুষ গড়ে তোলেন। যার মধ্য দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে নীতি-নৈতিকতা ও জীবনাদর্শের বলয়ে একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত ও কর্মময় জীবনকে মুখরিত করে।একজন আদর্শ শিক্ষক তিনিই, যার শিক্ষা ও স্মৃতি দীর্ঘকাল শিক্ষার্থীর মনে গেঁথে থাকে।
শিক্ষক আজীবন শ্রদ্ধার। শিক্ষকেরা শুধু শিক্ষকই নন, তাঁরা দার্শনিক, বাতিঘর, গাইড ও রোল মডেল। আজ ঠিক এমন একজন শিক্ষকের জীবনকাহিনী তুলে ধরছি যিনি আদর্শ মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর।শিক্ষা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত বিশিষ্ট লেখক, কলামিস্ট, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান শাহীন। তিনি কেবল একজন দক্ষ শিক্ষকই নন, বরং শিক্ষার্থীদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার এক অনন্য পথপ্রদর্শক।তিনি একজন ছাত্র-ছাত্রীর কাছে প্রথম নায়ক।
একজন অত্যন্ত নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক হিসেবে পূর্ণমতি এম.এ উচ্চ বিদ্যালয়ে তাঁর যাত্রার শুরু সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে। দীর্ঘ সময় সুনামের সাথে সেই দায়িত্ব পালনের পর, তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ভরাসার হাইস্কুলে। শিক্ষাক্ষেত্রে তাঁর মেধা, নেতৃত্ব ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে পরবর্তীতে তিনি পুনরায় নিজ শিকড়—পূর্ণমতি স্কুলে ফিরে আসেন প্রধান শিক্ষক হিসেবে।শিক্ষার্থীদের নীতি ও শৃঙ্খলার মধ্যে বড় করে তোলাই ছিল তাঁর অন্যতম মূল লক্ষ্য। তাঁর স্নেহমাখা শাসন ও সঠিক দিকনির্দেশনার কারণেই অনেক শিক্ষার্থী বিপথগামী হওয়া থেকে রক্ষা পেয়েছে এবং ভুল পথ ছেড়ে সঠিক রাস্তায় ফিরে এসেছে।
সমাজ ও দেশ গড়ার কাজে তাঁর এই নিরলস অবদান, কঠোর কিন্তু কল্যাণমুখী শাসন এবং আদর্শিক দিকনির্দেশনা সর্বদাই প্রশংসনীয় ও স্মরণীয়।