
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় আব্দুর রহমান (৫) নামে এক শিশুকে হাত-পা ও মুখে কস্টেপ পেঁচিয়ে হত্যার পর বস্তাবন্দী করে বাসার ছাদে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাসিন্দা শহিদের ছেলে। তার বাবা শহিদ ভাদাইল পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে বাড়ির মালিক হারুনুর রশিদের স্ত্রী রিনা বাসার ছাদে একটি নেট জাল দিয়ে ঢাকা অবস্থায় একটি বস্তা দেখতে পান, ও বস্তার ভিতরে শিশুটিকে হাত-পা বাঁধা ও মুখ কষ্টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর ঘটনাস্থলে আসেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করেছে।