
পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি এবং হামলার অভিযোগে কথিত সাংবাদিক জামায়াত নেতা নুরুন্নবীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলার ব্যবসায়ী মো. আকরাম হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আকরাম হোসেন দীর্ঘদিন ধরে আসামিদের বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মধ্যে ছিলেন। এরই ধারাবাহিকতায় আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত ২০ আগস্ট ২০২৬ সকালে আসামিরা আটঘরিয়া থানাধীন একদন্ত ইউনিয়নের শিবপুর এলাকার সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে পাকা রাস্তায় অবস্থান নেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই সময় আসামিরা বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তাদের সঙ্গে থাকা পিস্তল, চাকু, কুড়াল, ছোড়াসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান। একপর্যায়ে আসামিরা বাদীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
বাদীর অভিযোগ, আসামিদের মধ্যে একজনের হুকুমে পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার পেটের ডান পাশে নাভির নিচে লাগে এবং এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তিনি মাটিতে পড়ে গেলে আবারও তাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য কথিত সাংবাদিক ও জামায়াত নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আতাইকুলা থানায় মামলা বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।