
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার (২২ আগস্ট) রাতে আশুলিয়ার বারইপাড়া ও নবীনগর এবং ধামরাইয়ের বালিথা এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
ঢাকা জেলা ডিবি সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল মুত্তালিবসহ পুলিশের একটি দল রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দিলদার মিয়া (৩৫) ও সুমন তালুকদার (২৮)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে রাত ১০টা ১০ মিনিটে ধামরাইয়ের বালিথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাসুম মিয়া ওরফে মাজু (২৪)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জান্নাত হোসেন সোহাগ (২৯)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।