
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকায় চকচকে আউটলেট নামের ফুচকা ও চটপটি তৈরির কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়।
অভিযান কালে কারখানায় ফুচকা তৈরির টেবিলের পাশেই ছিল ইঁদুর ধরার ফাঁদ দেখতে পাওয়া যায়, মাথার ওপর রাখা কবুতরের খাঁচা থেকে বিষ্ঠা ও পাখনার ময়লা পড়ছিল খাবার তৈরির জায়গায়। এছাড়াও পচা ডিম, ও নিম্নমানের শসা-গাজরও পাওয়া যায়। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল।
তিনি বলেন, “প্রতিষ্ঠানটির বাইরের পরিবেশ ও আউটলেটের চাকচিক্যের সঙ্গে কারখানার ভেতরের অবস্থার কোনো মিল পাওয়া যায়নি। কারখানার পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। অভিযানে ফুচকা ও চটপটির জন্য তৈরি করা গরম টক নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছিল বলে জানান তিনি। কয়েক দিন আগে সেদ্ধ করা পচা ডিম এবং খাবার তৈরিতে ব্যবহারের জন্য রাখা পচা ও নিম্নমানের গাজর-শসাও পাওয়া যায়।
শাহজালাল বলেন, “ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা এবং পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে বলে জানান তিনি। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া কারখানাটির সামগ্রিক পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।