
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টকে কেন্দ্র করে ২০২১ সালে সংঘটিত ঘটনার পাঁচ বছর পর ওই সময় ভূমিকা পালনকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে মতবিনিময় ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই ঘটনায় কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী মাওলানা ইকবাল হোসাইনকে স্মরণ করেও সভায় আলোচনা করা হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় সোনারগাঁ উপজেলার উদ্ভবগঞ্জ অডিটরিয়াম সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর ও শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদবী, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান শিবলী এবং সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য, অধ্যাপক মামুন মাহমুদ, কবি খন্দকার পনির এনসিপি সোনারগাঁ থানা সদস্য সচিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ২০২১ সালের রয়েল রিসোর্টকেন্দ্রিক ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা ওই সময় সংশ্লিষ্ট নেতাকর্মী ও সাধারণ মানুষের ভূমিকার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা একই ঘটনায় কারাগারে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী মাওলানা ইকবাল হোসাইনকে স্মরণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক ওই ঘটনার সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।