
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক সেবনের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ২ জন, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ১ জন এবং মাদক সেবনের ঘটনায় সামারি ট্রায়ালের জন্য ১৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃতরা হলেন সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার গোলজার হোসেন (৩৫) এবং চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা, বর্তমানে সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় বসবাসকারী সাগর (২২)।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সোনারগাঁয়ের ইমানের কান্দি এলাকার মো. আরিফকে গ্রেফতার করা হয়।
মাদক সেবনের ঘটনায় সামারি ট্রায়ালের জন্য গ্রেফতার করা হয়েছে আরও ১৫ জনকে। তারা হলেন—সজল (২৮), রিফাত (২৮), রবিন (২৪), মো. আবুল হোসেন (৪০), মো. রাজু (২০), মোক্তার হোসেন (৩৬), আক্তার হোসেন (২৬), মো. আজিজুল হক (৪২), মো. আলী আকবর (৪২), মো. কাওসার (৩৬), আল আমিন (৪২), মো. বাছেদ (৪৮), আবুল কালাম (৪২), তৌফিকুল ইসলাম শাওন (২৫) এবং মো. সোহাগ (২৫)।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৮ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান এবং সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।