
মোঃ আমির হোসেন মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা ও নবনিযুক্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, ‘দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। এটি এ জেলার সব মানুষের প্রতিষ্ঠান।
তিনি বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা আরও বলেন, ‘পরিষদের দায়িত্ব শুধু দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা নয়; মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমানের উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা খাগড়াছড়ির উন্নয়নে কাজ করতে চাই।
তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ এবং নবনিযুক্ত সদস্য এম এন আবছার, সদস্য মোশাররফ হোসেন, সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সদস্য রুবেল মারমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।