
আলতাব হোসেন স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রধান পানি নিষ্কাশন (ড্রেনেজ) লাইন কেটে বর্জ্য পানির সংযোগ দেওয়ার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে পাঁচ গণমাধ্যমকর্মী হামলা ও বাধার মুখে পড়েছেন। এ সময় তাঁদের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা।
গতকাল বুধবার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার রূপায়ণ সিটির গেটসংলগ্ন ৫৯৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. বিপ্লব, মো. আলমগীরসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জামগড়া এলাকার বাড়ির মালিক মো. আলমগীর ও ব্যবসায়ী মো. বিপ্লবের উদ্যোগে এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রধান পানি নিষ্কাশন লাইনের একটি অংশ কেটে বর্জ্য পানির সংযোগ দেওয়ার কাজ চলছিল। অভিযোগ রয়েছে, কয়েক জন শ্রমিক দিয়ে আবাসিক ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য পানি ওই ড্রেনের মাধ্যমে নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছিল।
খবর পেয়ে দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার আলতাব হোসেন, জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি শেখ রাসেল, ফেজদা পিপলের আশুলিয়া প্রতিনিধি মোঃ নুর আলম, দৈনিক ঢাকার ডাক এর সাভার প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি ইমরান খান,পাঁচজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে কাজটির বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করেন। পরে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালট্যান্ট ও সাইট ইঞ্জিনিয়ার জুয়েল ঘটনাস্থলে এসে কাজটি পরিদর্শন করেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, প্রকল্পের ড্রেন কেটে এভাবে বর্জ্য পানির সংযোগ দেওয়ার কোনো অনুমোদন নেই। এ ধরনের কাজের ফলে প্রকল্পের পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তাঁরা জানান।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের পর কাজটির সরকারি অনুমোদন রয়েছে কি না জানতে চাইলে আলমগীর ও বিপ্লব সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত আচরণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের গালিগালাজ করেন এবং তাঁদের ওপর হামলার চেষ্টা চালান। একই সঙ্গে ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন সাংবাদিকেরা। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাংবাদিকেরা তাঁদের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় সাংবাদিকেরা বাদী হয়ে মো. বিপ্লব, মো. আলমগীর এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের মধ্যে পাশের মার্কেটের মালিক মো. সাইদুর এবং বিপ্লবের মেশিন বিক্রির প্রতিষ্ঠানের কর্মচারী আক্তার জরিত বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে থানায় লিখিত সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, কোনো অনিয়ম বা অপরাধের তথ্য সংগ্রহ ও তা জনসমক্ষে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দেওয়া, তাঁদের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।