
সুব্রত ঘোষ, বগুড়া জেলাপ্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস ৭ জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুরের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে ও মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)। বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক ব্যক্তিকে নিয়ে তার সাতজন স্বজন জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোর চারটার দিকে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।