
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় কালীমন্দিরে ভাঙচুর করে দান বাক্সের টাকা ও পূজার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে । মন্দিরের একটি মূর্তি নিয়ে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়েছে।পরে মন্দিরের পুরোহিত মূর্তিটি উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। এরপর শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দান বাক্সটি ভাঙা। মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না বলেও জানান তিনি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মন্দিরের পাশে একটি ডোবা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানখেতে সন্ন্যাসী ঠাকুরের মূর্তিটি পড়ে থাকতে দেখা যায়। মন্দির থেকে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দান বাক্সের টাকা চুরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, মন্দিরে চুরি ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।