
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের নির্দেশনা এবং ফরিদপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের নিয়ন্ত্রণে সদরপুর আনসার অফিসারের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় সদরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৫টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ২৮টি ফলজ, ১৮টি বনজ ও ৯টি ঔষধি গাছের চারা রয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ৭৫০টি তালের বীজ রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শুধু গাছ লাগানোর মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখা হয়নি। রোপণ করা প্রতিটি চারা ও বীজ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
সদরপুর আনসার অফিসের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।