
ফরিদপুর প্রতিনিধি
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না জাল, বৈদ্যুতিক শট দেওয়ার সরঞ্জামসহ বিভিন্ন অবৈধ মাছ ধরার উপকরণ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের উপস্থিতিতে জব্দ করা নিষিদ্ধ জাল ও অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ উপায়ে মাছ শিকার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।