
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসী।
সোমবার (৫ অক্টোবর) বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সম্প্রতি যেসব অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত ও যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তারা অধ্যক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তার প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা মাদ্রাসার শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম ও অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে কোনো পক্ষ যেন মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত না হয়, সে আহ্বানও জানানো হয়।
এ সময় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মচারী ও স্থানীয় গ্রামবাসীরা অধ্যক্ষের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন বক্তব্য দেন।