
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক মামলার দুই আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার একজন, বৈষম্যবিরোধী মামলার একজন, জুয়া আইনে তিনজন, ১৭ জন মাদকসেবী, ডাকাতির মামলার তিন আসামি এবং তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, বৈষম্যবিরোধী মামলায় একজন, জুয়া আইনে তিনজন, ডাকাতির অভিযোগে তিনজন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তির নাম মাকসুদুল হাসান রিয়াদ (২১)। পুলিশের দেওয়া তথ্যে, তিনি সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার মোঃ জহিরুল ইসলাম (৪৫) জামপুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন আলী নুর (৩০) ও মোঃ আলাউদ্দিন (৪২)। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন লিমন (৩০), মোঃ বাবু (৩৪) ও মোঃ সুমন (২০)। জুয়া আইনে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সিদ্দিক (৪৫), হযরত আলী (৫৫) ও মোঃ সামসুল হক (৪২)।
ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেপ্তার তিনজন হলেন সাবিনা (৩৫), আল আমিন (৪৪) ও রেহেনা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।