
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে প্রস্তাবিত অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। জনবসতিপূর্ণ এলাকায় ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ময়লা-আবর্জনা ফেলার স্থান নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁদের স্পষ্ট দাবি রাইজদিয়ায় নয়, ডাম্পিং স্টেশনের জন্য অন্য উপযুক্ত স্থান নির্ধারণ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে রাইজদিয়া গ্রামের প্রস্তাবিত স্থানসংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নিয়ে ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগের প্রতিবাদ জানান এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশদূষণের সমস্যা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানের লক্ষ্যে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত রাইজদিয়া গ্রামে প্রায় ৪৫ শতাংশ জমিতে একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে প্রস্তাবিত স্থানটি ঈদগাহ ও কবরস্থানের পাশে হওয়ায় এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর প্রশ্ন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধান করতে গিয়ে কেন একটি জনবসতিপূর্ণ গ্রামের মানুষের সম্ভাব্য দুর্ভোগের বিষয়টি সামনে আসছে? তাঁদের আশঙ্কা, সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব ও পরিবেশদূষণ বাড়তে পারে। এতে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ঈদগাহ ও কবরস্থানের পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাসিন্দাদের দাবি, পৌরসভার পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি, কিন্তু সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার মর্যাদাকে উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়। বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থান নির্বাচন করতে হলে জনবসতি থেকে দূরত্ব, পরিবেশগত প্রভাব, দুর্গন্ধ নিয়ন্ত্রণ এবং বর্জ্য নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা ডাম্পিং স্টেশন স্থাপনের বিরোধিতা করছেন জনস্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থেকে। তাই প্রস্তাবিত স্থানটি পুনর্বিবেচনা করে অন্যত্র উপযুক্ত জায়গা নির্ধারণ করতে হবে। এ দাবিতে পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করার কথাও জানান তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, তাঁদের প্রতিবাদ ও উদ্বেগকে অবহেলা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি পর্যালোচনা করবে। অন্যথায় প্রস্তাবিত ডাম্পিং স্টেশন নিয়ে স্থানীয় মানুষের অসন্তোষ আরও বাড়তে পারে।
রাইজদিয়াবাসীর দাবি স্পষ্ট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সমাধান চাই, তবে তা যেন স্থানীয় মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও ধর্মীয় স্থাপনার মর্যাদার জন্য নতুন সংকট তৈরি না করে।