
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ইউএনও আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সকল সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাউফল উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউএনও আমিনুল ইসলাম জনসেবায় স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি সঞ্চার করেছেন। তার প্রচেষ্টায় বাউফল উপজেলা পরপর দুই বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় সেরা অবস্থান অর্জন করেছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মতে, তাঁর নেতৃত্বে বাউফল এখন উন্নয়ন ও জনসেবার দৃষ্টান্ত হয়ে উঠেছে।