
মোঃ ইউনুছ মিয়া ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে দাঁতের চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ব্যক্তির চেম্বার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। শনিবার (২ মে) দুপুর প্রায় ২টা ৫১ মিনিটে বাঙ্গরা বাজার থানাধীন হায়দারাবাদ বাজারে পরিচালিত “কেয়া ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. নুসরাত জাহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো স্বীকৃত ডেন্টাল ডিগ্রিধারী নন। অথচ তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডেন্টিস্ট’ পরিচয় দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
অভিযানে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। অভিযুক্ত মো. মাহমুদুল হাসান দুলাল (বাড়ি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) কসবা উপজেলার কুটি বাজার এলাকায় “মা ডেন্টাল” নামেও আরেকটি চেম্বার পরিচালনা করে আসছিলেন। এতে ধারণা করা হচ্ছে, এটি একটি বিস্তৃত প্রতারণা চক্রের অংশ হতে পারে।
স্থানীয় একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, ভুল চিকিৎসার কারণে তারা গুরুতর শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
এক ভুক্তভোগী বলেন, দাঁতে সাধারণ ফিলিং করতে গিয়েছিলাম। কিন্তু তিনি এমনভাবে কাজ করেন যে আমার দুইটি ভালো দাঁতই নষ্ট হয়ে যায়। পরে ঢাকায় একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে প্রায় এক লাখ টাকা খরচ করতে হয়েছে।
এ ধরনের অভিযোগ আরও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার তদারকিতে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। কীভাবে কোনো বৈধ সনদ ছাড়া একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তা নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন সচেতন মহল।
ঘটনার পর কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত টিম গঠনের প্রক্রিয়া চলছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ভুয়া চিকিৎসক ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এমন প্রতারণা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
মুরাদনগরের এ ঘটনা বিচ্ছিন্ন নয় গ্রাম ও মফস্বলে ‘ভুয়া ডাক্তার’ চক্র সক্রিয় থাকার অভিযোগ দীর্ঘদিনের। পর্যাপ্ত মনিটরিং ও লাইসেন্স যাচাইয়ের অভাবেই এ ধরনের প্রতারণা বিস্তার লাভ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।