
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অদ্য ১২ মে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একই এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীভাঙন রোধ এবং উপজেলা রক্ষায় শতকোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ ও কংক্রিট ব্লক স্থাপনের কাজ পরিচালনা করছে। কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ওই গুরুত্বপূর্ণ প্রকল্প হুমকির মুখে পড়ে। পাশাপাশি নদীপাড়ের বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কাও দেখা দেয়।
এ নিয়ে স্থানীয় নদীপাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন। তবে প্রভাবশালী মহলের কারণে এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
অবশেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে অদ্য ১২ মে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং স্থানীয় জনগণ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন। অভিযান চলাকালে দুধকুমার নদ থেকে ৪টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা, ভাঙন প্রতিরোধ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।