
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরশহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের ছাব্বির আলী ও খাদিজা বেগম প্রেমের সম্পর্কের জেরে স্বেচ্ছায় ঘর ছেড়েছিল। শেষে প্রেমিকার বাবার টাকার জোরে প্রেমিকের বিরুদ্ধে দায়ের করা হয় অপহরণের মিথ্যা মামলা। বর্তমানে সেই মামলায় প্রেমিক জেলহাজতে দিন কাটালেও, প্রেমিকাকে গোপনে অন্য জায়গায় বিয়ে দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তার পিতা লন্ডন প্রবাসী ফারুক আলী। শুক্রবার (২২ মে, ২০২৬) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী পরিবারের পক্ষে সাধারণ কৃষক মোঃ নছির আলী এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নছির আলী জানান, তাঁর বড় ভাই রশিদ আলীর ছেলে সাব্বির আলীর সাথে একই গ্রামের লন্ডন প্রবাসী ফারুক আলীর মেয়ে খাদিজা বেগমের গত ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এই সম্পর্কের জেরে গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে তারা দুজনে স্বেচ্ছায় গোপনে বাড়ি থেকে পালিয়ে যায়।
ঘটনার পর উভয় পরিবারের সম্মতিতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়। নছির আলী জানান, এলাকা ও আত্মীয়-স্বজনদের সহায়তায় সাব্বির ও খাদিজাকে উদ্ধার করে ফিরিয়ে আনার পথে হবিবনগর এলাকায় জগন্নাথপুর থানা পুলিশ তাদের বহনকারী সিএনজি গাড়িটির গতিরোধ করে এবং দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জানা যায়, খাদিজার মা সুবর্ণা বেগম বাদী হয়ে ছাব্বিরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন (অপহরণ) মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ: ০৯/০৪/২০২৬ইং)।এই মামলায় পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে, ভুক্তভোগী খাদিজা বেগম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে স্পষ্ট জানায়,
“ছাব্বির আলী আমার চাচাতো ভাই, তার সাথে আমার ৪ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। আমি স্বেচ্ছায় ছাব্বিরের সাথে গিয়েছিলাম। সে আমাকে অপহরণ বা ধর্ষণ করেনি।”বয়স কম হওয়ার কারণে আদালত সাব্বিরকে জেলহাজতে এবং খাদিজাকে সিলেটের সেফ হোমে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে খাদিজাকে তার মায়ের জিম্মায় জামিন দেওয়া হয়।গত ০৭ মে ২০২৬ তারিখে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফারুক আলীর বাড়িতে একটি আপোষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও ফারুক আলী তাঁর মেয়ের পূর্বের বিয়ের খবরটি সম্পূর্ণ গোপন রাখেন। ছাব্বিরের প্রেমিকা খাদিজার পিতা তাদের প্রেমের মূল্য না দিয়ে গত ০৬ মে ২০২৬ তারিখে দিরাই উপজেলার টংগর গ্রামে খাদিজার নানাবাড়িতে অত্যন্ত গোপনে জগন্নাথপুর মুন্সিপাড়া এলাকার লন্ডন প্রবাসী মামুন মিয়ার সাথে মোবাইল ফোনের মাধ্যমে খাদিজার বিয়ে সম্পন্ন করা হয়। এরপর গত ১৪ মে ২০২৬ তারিখে ফারুক আলী স্থানীয় সাবেক কাউন্সিলর শফিকুল হক শফিককে আপোষ করতে অস্বীকৃতি জানান এবং মেয়ে খাদিজাকে নিয়ে গোপনে লন্ডনে চলে যান। তিনি সংবাদ মাধ্যমে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পুরো বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সাথে নিরপরাধ সাব্বির আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ক্ষমতার অপব্যবহারকারী, মিথ্যা মামলার পরিকল্পনাকারী ও অবৈধ বিয়েতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।