
মোঃ আলতাব হোসেন, আশুলিয়া, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আর এম ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া বিএমডিসি নম্বর ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের অনুসন্ধানে একাধিক গুরুতর ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম নামে পরিচয়দানকারী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করে আসছিলেন। যাচাই-বাছাইয়ে দেখা যায়, তার ব্যবহৃত ব্যবস্থাপত্রে উল্লেখিত বিএমডিসি নম্বরটি অন্য এক নিবন্ধিত চিকিৎসকের নামে নিবন্ধিত।
অনুসন্ধানে আরও বেরিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তির প্রকৃত নাম ইউসুফ আলী (৪০)। তার পিতার নাম কারবেলা এবং মাতার নাম ছিন্নি বেগম। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দাবারিয়া গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় নাজমুল প্লাজার গলিতে জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানা গেছে।
গত ২১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে সাংবাদিকরা আর এম ডায়াগনস্টিক সেন্টারে গেলে সেখানে উপস্থিত সন্দেহভাজন ব্যক্তিকে নিবন্ধিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলমের ছবি দেখিয়ে পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ছবিটি দেখে বলেন, “আমি তাকে চিনি না।” পরে তার সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করলে একপর্যায়ে তিনি দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
অনুসন্ধানে আরও জানা যায়, বিভিন্ন গার্মেন্টস শ্রমিকের কাছ থেকে অর্থের বিনিময়ে অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুল চিকিৎসা গ্রহণ করে অন্তত একজন রোগী ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া গেছে।
বিষয়টির সত্যতা যাচাই ও বক্তব্য নেওয়ার জন্য আর এম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ আব্দুল্লাহ আল নাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকরা প্রতিষ্ঠানে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। তবে তিনি উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার সোহেলের সঙ্গে কথা হলে তিনি পরস্পরবিরোধী বক্তব্য দেন। প্রথমে তিনি বলেন, “ডাক্তার এখানে কীভাবে চেম্বার করছেন, তা আমি জানি না।” পরে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি মাত্র দেড় মাস ধরে সেখানে চেম্বার করছেন এবং তার কোনো নিয়োগপত্র নেই।
একপর্যায়ে ম্যানেজার সোহেল বারবার দাবি করতে থাকেন, “এটি মেজরের স্বামী নাহিদ স্যারের প্রতিষ্ঠান।” সংশ্লিষ্টরা মনে করছেন, প্রভাবশালী পরিচয়ের উল্লেখ করে বিষয়টির গুরুত্ব খাটো করা এবং অনুসন্ধানকে প্রভাবিত করার মাধ্যমে অপকর্ম আড়াল করার চেষ্টা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র, রোগীদের বক্তব্য এবং প্রতিবেদকের হাতে থাকা তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা যায়, অভিযুক্ত ইউসুফ আলী ওরফে জাহাঙ্গীর আলম প্রায় দেড় বছর ধরে ওই প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি দ্রুত সেখান থেকে সরে যান বলে জানা গেছে।
যার বিএমডিসি নম্বর ব্যবহার করা হয়েছে, সেই নিবন্ধিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিএমডিসি নম্বর অপব্যবহারের বিষয়টি প্রমাণিত হওয়ায় তিনি এ ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি তিনি বলেন, প্রয়োজন হলে মামলা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
অনুসন্ধানে আরও জানা যায়, আর এম ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত কাগজপত্র নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়।
এ বিষয়ে বক্তব্য নিতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোন নম্বর অন্য একজন রিসিভ করেন। তিনি নিজেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সদস্য পরিচয় দিয়ে জানান, কর্মকর্তা ঈদের ছুটিতে রয়েছেন। ছুটির পর বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান শুধু প্রতারণাই নয়, এটি রোগীর জীবন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি এবং তাকে আশ্রয়-প্রশ্রয়দানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।