
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
জেলা শহর কুমিল্লা থেকে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপজেলা কাছাকাছি হওয়ায় বিভিন্ন দপ্তরের অনেক কর্মকর্তা এই দুই উপজেলা থেকে কুমিল্লা এসে অফিস করেন। এ ছাড়াও এই সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রী বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। আর একে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি চালিত অটোরিকশা চালক ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া বাড়িয়ে এ সড়কে নৈরাজ্য সৃষ্টি করছেন। দিন দিন নিয়ন্ত্রণহীণ হয়ে পড়ছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। অথচ উপজেলা প্রশাসন থেকে ভাড়া নির্ধারণের পরেও চালকদের ইচ্ছেমতো নানান ফন্দিতে সিএনজি ভাড়া বেশি নিচ্ছেন চালকরা। এমনই অভিযোগ উঠেছে কুমিল্লার শাসনগাছা -বুড়িচং ব্রাহ্মণপাড়া সড়কের সিএনজি চালকদের বিরুদ্ধে ।এতে চরম ভোগান্তি ও ক্ষোভের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
অনুসন্ধানে দেখা গেছে, শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও ইজিবাইক চালকরা একটি সিন্ডিকেট তৈরি করেছেন।শাসনগাছা থেকে বুড়িচং রুটে সিএনজির নির্ধারিত ভাড়া ৪০ টাকা হলেও আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। অন্যদিকে শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া রুটে ৬০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।এবং
শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া রুটে সন্ধ্যার পর কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিবার নিয়ে একটু আত্মীয়ের বাসায় যাব, কিন্তু স্ট্যান্ডে আসলেই চালকরা গলাকাটা ভাড়া চাচ্ছে। সিএনজি চালকরা সাফ জানিয়ে দিচ্ছে—যেতে হলে এই ভাড়ায় যান, না হলে অন্য ব্যবস্থা দেখেন।আরেক ভুক্তভোগী যাত্রী বলেন প্রতিদিন যাতায়াত করা শ্রমজীবী ও সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
ভাড়া বৃদ্ধির বিষয়ে কয়েকজন সিএনজি ও ইজিবাইক চালকের সঙ্গে কথা বললে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরেন।আরেক সিএনজি ড্রাইভার মিজানুর রহমান বলেন সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে আমি কি করবো তাই আমিও নিচ্ছি।উল্লেখ্য গত ২দিন আগে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চার সিএনজি চালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।বুড়িচং পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার।অভিযানকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় চার চালককে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।অথচ আবার ও সেই বেপরোয়া ভাড়া আদায় করছে সিএনজি ও অটোচালকরা।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান বলেন, আমি গত ৪ দিন আগে ভাড়া নির্ধারণ করে দিয়েছি। যেহতু যাত্রীরা আবারো অভিযোগ করেছে এই বিষয়টি আমি আজই দেখছি এবং যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।