
স্টাফ রিপোর্টার, আলতাব হোসেন
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে জেসমিন খাতুন (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সরোয়ার সর্দার ও বেলি খাতুনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন খাতুন আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঁঠালতলা এলাকার আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত রমজানের ঈদের পর থেকে তিনি কর্মহীন ছিলেন বলে জানা গেছে। তিনি বাসাটিতে একাই বসবাস করতেন।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আশুলিয়া থানার এসআই মো. কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি তার কক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে জেসমিনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া তার হাতে কিছু দাগ দেখা গেছে। পুলিশ বলছে, দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় থাকার কারণে রক্ত জমাট বাঁধার ফলে এসব দাগ হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি কেবল প্রাথমিক ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।